রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও বেশি মানুষ। তবে এ ভূমিকম্পের কেন্দ্র নরসিংদী কেন?
নোয়াখালী থেকে সিলেট, এ অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী। ফলে এটি উৎপত্তিস্থল বলে জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স রয়েছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে।
তিনি আরও বলেন, নোয়াখালী থেকে সিলেট, এ অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী, এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, বিগত কয়েক দশকে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। যা প্রমাণ করে যে, এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যেকোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না।
সময়ের আলো/কেএইচও