আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীতে নতুন পদায়ন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে দেশের ৬৪ জেলা পুলিশ সুপার (এসপি) নিয়োগের জন্য সোমবার (২৫ নভেম্বর) লটারির মাধ্যমে দায়িত্ব পালনকারীদের নির্বাচন করেছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এই এসপিদের পদায়ন প্রক্রিয়া শুরু হবে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শেখ মো. সাজ্জাত আলী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনে পুলিশ বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে এবং বিতর্ক এড়ানোর জন্য লটারির মাধ্যমে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে কিছু জেলায় নতুন এসপি নিয়োগ স্থগিত রাখা হয়েছিল, যা এখন লটারির সিদ্ধান্তের সঙ্গে পুনরায় কার্যকর হবে।
নতুন এসপিদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এই তালিকা প্রস্তুত করা হয়েছিল। এরপর লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়েছে।’
আরও পড়ুন
এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়োগও লটারির মাধ্যমে করা হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে। সৎ ও যোগ্য পরিদর্শকদের তালিকা ইতোমধ্যেই ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।
এভাবে লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়ন ও ওসি নিয়োগের পদক্ষেপ দেশের নির্বাচন ব্যবস্থায় পুলিশিংয়ের নিরপেক্ষতা নিশ্চিত করবে এবং মাঠপর্যায়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হতে দেবে না, এমনটাই দাবি কর্তৃপক্ষের।
এএডি/