পুলিশ সুপার (এসপি) নিয়োগে নতুন করে তিনটি বিভাগ বা ক্যাটাগরি করা হলেও কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, লটারির মাধ্যমে মেধা নয়, বরং এসপির কর্মস্থল অর্থাৎ কোন জেলায় কে দায়িত্ব পালন করবেন সেটা নির্ধারিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন উপদেষ্টা।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে এসপি নিয়োগকে তিনটি ক্যাটাগরি এ, বি ও সি-তে বিভক্ত করা হয়েছে। এটা কোনো জেলার আয়তন বা ভৌগোলিক কাঠামোর ওপর নয়, বরং জেলাভিত্তিক নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে করা হয়েছে।
উপদেষ্টা আরও জানান, শুরুতে ৬৪ জেলার জন্য ৬৪ জন এসপি নিয়োজিত ছিলেন। সেখান থেকে ১৮ জনকে প্রত্যাহার করে নতুন ১৮ জনকে যুক্ত করা হয়েছে, বাকিরা আগের মতোই দায়িত্বে থাকছেন। এরপর লটারির মাধ্যমে ঠিক করা হয়েছে কোন এসপি কোন জেলায় দায়িত্ব পালন করবেন।
মেধাবীরা বাদ পড়েছে কি না এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মেধাবীদের আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। কেউ বাদ পড়েননি।
তিনি আরও জানান, এসপি নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ রাখা হয়নি এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
/ইউএমএইচ