বাণিজ্য বাধা দূরীকরণ, পর্যটন শিল্পের বিকাশ, ঢাকা-তাসখন্দ বিমান চলাচল পুনরায় চালু, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক তথ্য বিনিময় ত্বরান্বিত করার বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত উজবেকিস্তানের অনাবাসিক রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ। বুধবার সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বস্ত্র, চামড়া, কৃষি, ফার্মাসিউটিক্যাল ও অ্যাগ্রো প্রসেসিং খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক। বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর করা হবে। রাষ্ট্রদূত সারদর রুস্তামবায়েভ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ-উজবেকিস্তান বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৭.২৩ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উজবেকিস্তানে বাংলাদেশের রফতানি ছিল ৩২.৮৩ মিলিয়ন ডলার এবং আমদানি ৪.৪০ মিলিয়ন ডলার। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডআই