প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধ ভারত বিবেচনা করছে, তবে তার মতে প্রত্যর্পণের প্রক্রিয়ার শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে শফিকুল আলম উল্লেখ করেন যে তিনি মনে করেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। তিনি আরও লেখেন, ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।
তার মতে, হাসিনার শক্ত প্রতিপক্ষ থাকলেও বাস্তব পরিস্থিতি এমন অবস্থায় যাচ্ছে যে, আসাদুজ্জামান খান কামাল যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত। খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। তিনি আরও লিখেছেন, হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত অপরাধগুলো যত সামনে আসছে, ততই গণহত্যা ও গুমের মতো ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও নজর কাড়বে।
শফিকুল আলম আরও বলেন যে, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। তিনি মন্তব্য করেন, যদি জাতি হিসেবে আমরা জুলাইয়ের গণহত্যার ভুক্তভোগীদের জন্য এবং হাসিনা আমলে ঘটে যাওয়া সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের ব্যাপারে দৃঢ় থাকি, তবে যারা এসবের জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়ানো কঠিন হয়ে উঠবে। শফিকুল আলমের ভাষায়—এর শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…
/ইউএমএইচ