নিজের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়া জানালেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুরা অতি উৎসাহী

2025-12-07T21:41:22+00:00
2025-12-07T21:41:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
নিজের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়া জানালেন শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম   (ভিজিট : ২২৬)
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুরা অতি উৎসাহী হয়ে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে আমার নামে মামলা করেছেন। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশির মনিরের বিরুদ্ধে মামলা করা হলে সন্ধ্যায় বিবৃতি দেন তিনি। 

বিবৃতিতে শিশির মনির বলেন, আইনের আশ্রয়লাভের সুযোগ সবারই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুরা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব।

তিনি বলেন, ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।

এর আগে আজ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলাটির আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করতে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখাকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন- ‘আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন; যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন’। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই একত্রে উদাহরণ হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে। এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জণসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


এতে আরও উল্লেখ করা হয়, কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃতভাবে ‘DSN’ নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ উল্লেখ করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাইবার স্পেসে প্রচার ও প্রকাশ করে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মীয় উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে ইসলাম ধর্মের বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

আরআর



  বিষয়:   শিশির মনির  মামলা  ধর্ম অবমাননা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: