রাজধানীর মোহাম্মদপুরে নিজ ফ্ল্যাটে মা ও মেয়ে হত্যার প্রধান অভিযুক্ত গৃহকর্মীর পরিচয় শনাক্ত করা হয়েছে। গৃহকর্মী আয়েশার প্রকৃত নাম-পরিচয় জেনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে তার স্বামীর নামও পরিচয়ও বের করেছে তারা। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ওই গৃহকর্মীকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ওই তরুণীকে শনাক্ত ও নাম-পরিচয় বের করা হলেও তাকে গ্রেফতারের পর তা প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।
গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল তাদের মরদেহ নাটোরে দাফন করা হয়। মামলার এজাহারে বলা হয়, বাসা থেকে মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা।
ভবনের ভেতরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। চার দিন আগে আয়েশা পরিচয় দিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেওয়া তরুণী (২০) এই জোড়া খুনে জড়িত বলে সন্দেহ স্বজনদের। ঘটনার পর থেকে ওই তরুণী পলাতক।
এরপর আয়েশাকে গ্রেফতার এবং এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থা। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহকর্মী তার প্রকৃত নাম ও ঠিকানা দেননি। তাকে কেউ চিনতেও পারছিলেন না। ঘটনার সময় তার সঙ্গে কোনও মোবাইল ফোনও ছিল না। বাসা থেকে তিনি যে ফোন নিয়ে গেছেন, সেটাও বের হয়েই বন্ধ করে দিয়েছেন। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো সচল না থাকায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে রিকশা নিয়ে কোনদিকে গেছেন, তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে।
সূত্র বলেছে, ভুক্তভোগী পরিবারের সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনে চার দিনে কোনও যোগাযোগ ছিল না। সব সময় বোরকা পরে থাকায় ভবনের সিসিটিভি ক্যামেরায়ও তার মুখ স্পষ্টভাবে ধরা পড়েনি। ফলে তাকে শনাক্তে ম্যানুয়ালি কাজ করতে হয়। সম্ভাব্য সব ধরনের পদ্ধতি অনুসরণ করে তাকে শনাক্ত করা হয়।
এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সংবাদ মাধ্যমকে বলেন, ‘গৃহকর্মীর নাম-ঠিকানা ও কোনও মোবাইল ফোন না থাকায় পরিচয় জানা যাচ্ছে না। দ্রুতই তাকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।’
সময়ের আলো/এনএ