দেশের প্রধান পুঁজিবাজার বিগত ৬ মাসের মধ্যে গত সপ্তাহে সর্বনিম্ন দৈনিক লেনদেন দেখলো। ঢাকার পুঁজিবাজারে যদিও বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচক। এ সময়ে তালিকাভুক্ত ২১ খাতের মধ্যে ১২টিতেই কমেছে দৈনিক গড় লেনদেন। চমক দেখিয়েছে শেষের দিকের প্রতিষ্ঠানগুলো। সপ্তাহজুড়ে দাম বৃদ্ধিতে আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। সবমিলিয়ে সপ্তাহ ব্যবধানে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি।
খাতভিত্তিক লেনদেনের চিত্রে দেখা যায়, তালিকাভুক্ত ২১ খাতের মধ্যে বন্ড, আর্থিক খাত, সিরামিক ও পাটসহ ১২টিতেই কমেছে দৈনিক গড় লেনদেন। তবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক ও টেলিকম খাত।
বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি বাছাইয়ে গত সপ্তাহেও জেড ক্যাটাগরি প্রতিষ্ঠানই ছিল এগিয়ে। দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই এই ক্যাটাগরির। যদিও এর আগের দুই সপ্তাহে ১০টির মধ্যেই ৮ ও ১০টি-ই ছিল জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। আর দাম কমতিতে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি ছিল সবচেয়ে ভালো মানের অর্থাৎ 'এ' ক্যাটাগরির।
পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএলের তথ্য মতে, গত সপ্তাহে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ২১৭৪টি। অর্থাৎ লেনদেনে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা।
সময়ের আলো/এনএ