হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কারা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি

2025-12-14T12:57:57+00:00
2025-12-14T12:57:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম 
দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় ডিবি পুলিশ একজনকে শনাক্ত করলেও অপর সহযোগীকে চিহ্নিত করতে এখনো তদন্ত চলছে। সংগৃহীত ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় ডিবি পুলিশ একজনকে শনাক্ত করলেও অপর সহযোগীকে চিহ্নিত করতে এখনো তদন্ত চলছে। হামলার পর থেকেই শুটার ও মোটরসাইকেল চালককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও, আসামি গ্রেফতার না হওয়ায় হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারছে না পুলিশ। ফলে জনমনে প্রশ্ন উঠছে, কারা এবং কী উদ্দেশ্যে শরিফ ওসমান হাদিকে গুলি করল?

গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করা গেলে হামলার নেপথ্যের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে যুক্ত, তা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে। তার বিষয়ে কোনো তথ্য পেলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে এবং তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বলেছেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। 

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গুলি চালানো যুবকের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা এবং রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ফয়সাল ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে আদাবরে একটি ডাকাতির ঘটনায় র‌্যাব তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। সাম্প্রতিক সময়ে হাদির সঙ্গে গণসংযোগ ও ইনকিলাব কালচারাল সেন্টারের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি বেশ কিছুদিন ধরেই হাদিকে অনুসরণ করছিলেন।


হামলায় জড়িত অপর ব্যক্তিকে এখনো নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। সম্ভাব্য তিনজনের ছবি নিয়ে টাওয়ার ডাম্পিংসহ বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে একজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ঘটনার পর শুটার ও তার সহযোগী সীমান্ত এলাকার দিকে পালিয়ে যেতে পারে। এজন্য সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবিও কঠোর তৎপরতা চালাচ্ছে।

ডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্তে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততা নিশ্চিত এবং তাকে গ্রেফতারের খুব কাছাকাছি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার জানান, জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুতই অগ্রগতি আশা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 


/ইউএমএইচ


  বিষয়:   ওসমান হাদি  হত্যাচেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: