নির্ভুল গণনাকারী ক্যাথারিন

কন্যা জায়া জননী ডেস্ক

কন্যা জয়া জননী

তাকে বলা হতো ‘মানব কম্পিউটার’! তার নিখুঁত হিসাবের ওপর ভিত্তি করেই নভোচারীরা চাঁদের মাটিতে পা রাখতে পেরেছিলেন। আর এই ‘মানব

2025-12-17T04:06:51+00:00
2025-12-17T04:06:51+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
কন্যা জয়া জননী
নির্ভুল গণনাকারী ক্যাথারিন
কন্যা জায়া জননী ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ এএম   (ভিজিট : ১১৬)
১৯৩৭ সালে গণিত এবং ফ্রেঞ্চ ভাষায় যৌথভাবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন ক্যাথারিন। ছবি : বিবিসি
তাকে বলা হতো ‘মানব কম্পিউটার’! তার নিখুঁত হিসাবের ওপর ভিত্তি করেই নভোচারীরা চাঁদের মাটিতে পা রাখতে পেরেছিলেন। আর এই ‘মানব কম্পিউটার’-এর নাম ক্রিওলা ক্যাথারিন জনসন। পশ্চিম ভার্জিনিয়ায় ১৯১৮ সালের ২৬ আগস্ট জন্ম নেওয়া আমেরিকান এই গণিতবিদ বিশ্বব্যাপী ক্যাথরিন জনসন নামেই পরিচিত। প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের স্পেস প্রোগ্রামে কাজ করেছেন তিনি। হিসাব করে বের করেছেন হাজারও স্পেসক্র্যাফটের গমনপথ। ছোটবেলা থেকেই তিনি খুব বুদ্ধিমান ছিলেন। স্কুলে গণিত সম্পর্কিত যত ধরনের ক্লাস ছিল, সেগুলোতে যোগ দিতেন তিনি। বিখ্যাত গণিতবিদ ডক্টর উইলিয়াম শিফিন ক্লেটন তার জন্য ‘জিওমেট্রি ইন স্পেস’ নামে বিশেষ এক কোর্স ডিজাইন করেছিলেন। 

তিনি ১৯৩৭ সালে গণিত এবং ফ্রেঞ্চ ভাষায় যৌথভাবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৩৯ সালে পশ্চিম ভার্জিনিয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রামে যোগ দেন। সেখানে যোগ দেওয়া প্রথম তিন আফ্রিকান-আমেরিকান নারীর একজন ছিলেন তিনি। 

১৯৫৬ সালে তিনি ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্সে (এনএসিএ) কাজ করা শুরু করেন। সে সময়ে তারা চাঁদে অভিযানের লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের সাহায্য ছাড়াই জটিল সব হিসাব-নিকাশ করতে বাধ্য হচ্ছিল। সে জন্য তারা কয়েকজন নারীকে এই হিসাবের কাজে চাকরি দেয়। প্রথম দফায় সুযোগ না পেলেও দ্বিতীয় দফায় সেখানে সুযোগ পান ক্যাথারিন। 

নাসাতে ক্যাথারিন ছিলেন স্পেস টাস্ক গ্রুপের সদস্য। ১৯৬০ সালে তিনি গ্রুপের একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে একটি পেপার লেখেন। তার বিষয়বস্তু ছিল একটি নভোযানকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা নিয়ে। ওই বিভাগে প্রথম নারী হিসেবে কোনো রিসার্চ পেপার লেখার কৃতিত্ব অর্জন করেন তিনি। সারাজীবনে সর্বমোট ২৬টি পেপার লিখেছেন তিনি। 

১৯৬১-৬৩ সাল পর্যন্ত মানুষচালিত নভোযান মহাকাশযান সম্পর্কিত নাসার মার্কারি প্রোগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৬১ সালে তিনি ফ্রিডম-সেভেন নভোযানের পথ হিসাব করেন, তাতে করেই যুক্তরাষ্ট্র মহাকাশে প্রথম মানুষ পাঠাতে সমর্থ হয়। সেই ভাগ্যবান মানুষটি ছিলেন অ্যালান বি শেপার্ড জুনিয়র। পরের বছর আরেক নভোচারী জন গ্লেন একটা অনুরোধ নিয়ে আসেন ক্যাথারিনের কাছে। তিনি তাকে বলেন, ইলেকট্রনিক কম্পিউটার তার নভোযান ফ্রেন্ডশিপ-সেভেনের যে গমনপথ হিসাব করেছে, তা ঠিক আছে কি না দেখে দিতে। কম্পিউটারের ভুল হলেও হতে পারে কিন্তু ক্যাথারিনের ভুল হবে না, এমনটাই ধারণা ছিল সবার। পরবর্তীতে জন সেই নভোযানে চড়েই পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম নভোচারী হিসেবে ইতিহাস গড়েন। 

ষাটের দশকের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি চাঁদে শাটল পাঠানোর মিশন শুরু করার নির্দেশ দেন নাসাকে। এই অভিযানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাথারিন। চাঁদের ঘূর্ণনের সঙ্গে নভোযানের ঘূর্ণনের তাল মেলানোর জন্য নাসার ইঞ্জিনিয়ারিং টিমের সঙ্গে কাজ করা শুরু করেন তিনি। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ সফলভাবে চাঁদে অবতরণ করে এবং পৃথিবীতেও নিরাপদভাবে ফিরে আসতে সমর্থ হয়। মানবজাতির নভো-অভিযানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ক্যাথারিন। 

নাসার মানব যন্ত্রগণকদের মধ্যে তিনিই সবথেকে বেশি পরিচিত। তাকে নিয়েই তৈরি হয়েছিল ‘হিডেন ফিগারস’ ছবিটি। মূলত ক্যাথারিনের নির্ভুল গণনায় ভরসা রেখেই ১৯৬১ সালে অ্যালান শেপার্ড প্রথম মার্কিন নাগরিক হিসেবে মহাকাশ পাড়ি দেন।  মহাকাশ অভিযানের নানা জটিল গবেষণা মাথা খাটিয়েই করতেন নাসার বিজ্ঞানী ও গণিতজ্ঞরা। যাদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাথারিন জনসন। 

ক্যাথারিন জনসন ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি নিউপোর্ট নিউজের একটি অবসর নিবাসে ১০১ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর পর নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন তাকে ‘একজন আমেরিকান নায়িকা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অবদান অনস্বীকার্য। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   নির্ভুল  গণনাকারী  ক্যাথারিন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: