নারীর অগ্রযাত্রায় উজ্জ্বল ২০২৫

কন্যা জায়া জননী ডেস্ক

কন্যা জয়া জননী

শেষ হয়ে গেল আরও একটি বছর। আগামীকাল নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। বিদায়ি বছরের

2025-12-31T04:10:00+00:00
2025-12-31T04:10:00+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
কন্যা জয়া জননী
নারীর অগ্রযাত্রায় উজ্জ্বল ২০২৫
কন্যা জায়া জননী ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ এএম   (ভিজিট : ১০৯)
প্রতীকী ছবি
শেষ হয়ে গেল আরও একটি বছর। আগামীকাল নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। বিদায়ি বছরের দিকে ফিরে তাকালে স্পষ্টভাবে চোখে পড়ে রাজনীতি, প্রশাসন, বিজ্ঞান, সাহিত্য, ক্রীড়া কিংবা আন্তর্জাতিক অঙ্গন- প্রায় প্রতিটি ক্ষেত্রেই নারীদের শক্ত উপস্থিতি ও নেতৃত্ব। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীরা এ বছর ক্ষমতায়ন ও সাফল্যের নতুন ইতিহাস গড়েছেন। এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যর নয়। বরং এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী অনুপ্রেরণা। 

বাংলাদেশেও নারীর অংশগ্রহণ আজ আর কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ তারই প্রমাণ। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় শারমিন আক্তার জাহান, রাঙামাটিতে নাজমা আশরাফী, বরগুনায় তাছলিমা আক্তার এবং সাতক্ষীরায় আফরোজা আক্তার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন জয়পুরহাটে মিনা মাহমুদা, শরীয়তপুরে রওনক জাহান, বরিশালে ফারজানা ইসলাম ও হবিগঞ্জে মোছা. ইয়াছমিন খাতুন। 

শিক্ষা, শিল্প, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, আইসিটি, অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই আজ নারীর অবদান অনস্বীকার্য। একসময় যেখানে নারীরা মূলত গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন, আজ সেখানে কেউ চাকরি করছেন, কেউ উদ্যোক্তা হয়ে উঠছেন। সংসার সামলানোর পাশাপাশি কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। 

ক্রীড়াঙ্গনেও নারীরা নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলার নিয়োগ দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং প্যানেলে সাথিরা জাকির জেসির অন্তর্ভুক্তি নারীর সক্ষমতার নতুন পথ তৈরি করেছে। 

নারীদের কাজের ক্ষেত্র এখন আর কেবল দেশেই সীমাবদ্ধ নয়। পোশাক শিল্পে বিপুলসংখ্যক নারী কাজ করছেন, অনেকেই কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীদের আত্মপ্রকাশের পথ সহজ হয়নি- কঠোর পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়েই আজ তারা ঘরের কোন থেকে মহাশূন্য পর্যন্ত নিজেদের পদচিহ্ন রেখে চলেছেন। 

বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্ব ছিল আলোচনার কেন্দ্রে। অনেক দেশে নারী- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে জাপান তাদের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পেয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। 

মহাকাশ গবেষণার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যানেট পেট্রো। ঘরের কোন থেকে মহাশূন্য- নারীর পথচলা এখন সর্বত্র, তা যেন আরও একবার প্রমাণিত হয়েছে। 

২০২৫ সালে যুক্তরাজ্যের ইতিহাসেও যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হিসেবে দায়িত্ব পেয়েছেন সারা মালালি। এই অগ্রযাত্রায় অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন শাবানা মাহামুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অন্তর্ভুক্তি অবিস্মরণীয়। তার নেতৃত্ব, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতা দেখিয়েছে নারীরা কেবল সুযোগের অপেক্ষায় থাকেন না, বরং নিজেরাই সুযোগ তৈরি করতে জানেন। তার কাজ প্রমাণ করে, নারী নেতৃত্ব কোনো ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। 

আন্তর্জাতিক অঙ্গনেও নারী নেতৃত্বের জয়জয়কার- ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬’র প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্লেইজ মেট্রিয়েলি। ব্লেইজ মেট্রিয়েলি নারীর বৈশ্বিক নেতৃত্বের প্রতীক। 

শিক্ষা, শিল্প, আইসিটি, ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প, অর্থনীতির প্রায় প্রতিটি স্তরে আজ নারীর অবদান দৃশ্যমান। দেশে-বিদেশে কর্মজীবী নারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। 

তবে সাফল্যের এই উজ্জ্বল চিত্রের পাশাপাশি রয়ে গেছে কঠিন বাস্তবতা। কাজের ক্ষেত্র বাড়লেও নারীর ওপর সহিংসতা ও বৈষম্য কমেনি। বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানি ও নিরাপত্তাহীনতা আজও নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তাই নারীদের দয়ার চোখে নয়, অধিকারের দৃষ্টিতে দেখার মানসিকতা গড়ে তোলা জরুরি। নারীর কর্মক্ষেত্র আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও নির্বিঘ্ন করাই হোক নতুন বছরের অঙ্গীকার। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   নারীর অগ্রযাত্রা  উজ্জ্বল ২০২৫ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: