ক্রিকেট ফুটবলের মতো ব্যাডমিন্টনে আলো ছড়াচ্ছে বাংলাদেশ। ধীর গতিতে সফলতা আসছে এ খেলাতেও। একক কিংবা দ্বৈত বিভাগে আশানুরূপ সাফল্য না পেলেও হতাশ করেননি বাংলাদেশের মিশ্র বিভাগের খেলোয়াড়রা। ব্যাডমিন্টন ফেডারেশন বছরের শেষ দিকে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে। এবার একক বিভাগে বাংলাদেশি শাটলাররা তেমন ভালো করতে না পারলেও দ্বৈত বিভাগে খানিকটা আশা জাগালেও শেষ পর্যন্ত মিশ্র বিভাগ থেকে একটি পদক নিশ্চিত হয়েছে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। সেই সঙ্গে ভারতকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। যার মাধ্যমে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নিয়মানুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই দলও ব্রোঞ্জ পদক পায়। অনেক সময় আবার অনেক দেশে টুর্নামেন্ট ভেদে খানিকটা ভিন্নতাও দেখা যায়।
তবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন নিশ্চিত করেছেন, জুমার ও উর্মি সেমিফাইনালে উঠায় অন্তত ব্রোঞ্জ পদক পাবেন।
এদিন মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের এই শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জয় এসেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণী। সেখানেও হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচ, যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।
সময়ের আলো/এনএ