টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ জিতেছে ভারত। ৩০ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাটে দারুণ শুরু পায় ভারত। অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। অন্যদিকে জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান সঞ্জু। ২২ বলে ৩৭ রান করে ফেরেন।
৪২ বলে ৭৩ রান করেন তিলক বার্মা। আর হার্দিক ছিলেন আরও বিধ্বংসী। ২৫ বলে করেন ৬৩ রান। ৫ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে ভারত।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও হয়েছিল দারুণ। কুইন্টন ডি ককের ব্যাটে চড়ে উড়ন্ত শুরু পায় প্রোটিয়ারা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ডি কক। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।
১২ বলে ১৩ রান করে দলের ৬৯ রানের মাথাতে সাজঘরে ফেরেন হেন্ড্রিক্স। তিনে নেমে ডি ককের সাথে যোগ দেন ডেওয়াল্ড ব্রেভিস। দারুণ কিছু বাউন্ডারিতে রানও বের করেন। ডি কক-ব্রেভিসের জুটিটা ভালোই আগাচ্ছিল।
ফিফটি হাঁকানো ডি কককে দলের ১২০ রানের মাথাতে থামান জাসপ্রীত বুমরাহ। ৩৫ বলে ৬৫ রান করে বিদায় নেন ডি কক। পরের ওভারে ব্রেভিসকে ফেরান হার্দিক পান্ডিয়া। সেখানেই যেন ম্যাচ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন ব্রেভিস।
দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিছুটা কমে আসে দলের রানের গতিও। ১৪ বলে ১৮ রান করে বিদায় নিয়েছেন ডেভিড মিলার। বাকি ব্যাটাররাও ক্রিজে এসে ধুঁকেছেন। বরুণ চক্রবর্তীর স্পিনের সামনে হাঁসফাঁস করেছেন প্রোটিয়া ব্যাটাররা। ৮ বলে ১৬ রান করেন জর্জ লিন্ডে। ৫ বলে ১৪ রানের ইনিংস খেলেন মার্কো ইয়ানসেন। তবে সবই দলের হারের ব্যবধানটা কমিয়েছে শুধু।
শেষ দিকে জুটি বাঁধেন করবিন বশ এবং লুঙ্গি এনগিডি। ১৫ বলে ১৭ রান করে টিকে ছিলেন বশ। ৯ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন লুঙ্গি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তুলে থামে দক্ষিণ আফ্রিকা।
সময়ের আলো/এআর