এডিপি বাস্তবায়নে পিছিয়ে ৮ মন্ত্রণালয় ও বিভাগ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা বাণিজ্য

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবায়নে একেবারে পেছনে পড়ে আছে ৮ মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এই

2025-12-21T04:08:12+00:00
2025-12-21T04:08:12+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
ব্যবসা বাণিজ্য
এডিপি বাস্তবায়নে পিছিয়ে ৮ মন্ত্রণালয় ও বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ এএম   (ভিজিট : ৩৪১)
ফাইল ছবি
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবায়নে একেবারে পেছনে পড়ে আছে ৮ মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এই আটটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫ শতাংশের বেশি টাকা খরচ করতে পারেনি। এর মধ্যে সংসদবিষয়ক সচিবালয় এক টাকাও খরচ করেনি। অন্য সাতটি মন্ত্রণালয় ও বিভাগ হলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে। আইএমইডি সূত্রে জানা গেছে, সংসদবিষয়ক সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত কোনো টাকা খরচ করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একইভাবে স্বাস্থ্যসেবা বিভাগের ১৫টি প্রকল্পে ৭ হাজার ৪৮৪ কোটি টাকা বরাদ্দ আছে। পাঁচ মাসে খরচ হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ হাজার ৮১০ কোটি টাকার বিপরীতে খরচ হয়েছে মাত্র ৮৬ কোটি টাকা।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের ২ দশমিক ৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২ দশমিক ১২ শতাংশ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৩ দশমিক ৩০ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ২ দশমিক ৪৩ শতাংশ, জননিরাপত্তা বিভাগ ১ দশমিক ২৫ শতাংশ খরচ করেছে।

এক দশকের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন : এদিকে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এডিপি বাস্তবায়নে বেহাল দশা কাটেনি স্বাস্থ্য খাতেও। গত অর্থবছরে স্বাস্থ্যের দুই বিভাগে এডিপি বাস্তবায়ন ছিল মূল এডিপির ১০ শতাংশেরও কম। চলতি অর্থবছরেও একই অবস্থা বিরাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে। একই অবস্থা অন্যান্য বিভাগেও। যার ফলে চলতি অর্থবছরের এডিপি থেকে ৩০ হাজার কোটি টাকা কাটছাঁট করা হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্যের দুই বিভাগে গত অর্থবছরের মতোই এডিপি বাস্তবায়ন তলানিতে। পাঁচ মাসে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র ১.৮১ শতাংশ। আর স্বাস্থ্যসেবা বিভাগ বাস্তবায়ন করেছে ৩.৯২ শতাংশ।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। এটি গত এক দশকের মধ্যে সবচেয়ে কম। সরকারের নেওয়া নানা উদ্যোগের পরও এডিপি বাস্তবায়নের হার বাড়ছে না। যার প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। চলতি অর্থবছর (২০২৫-২৬) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি। প্রথম পাঁচ মাসে খরচ হয়েছে ২৮ হাজার ৪৩ কোটি টাকা।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, একক মাস হিসেবে নভেম্বরে খরচ হয়েছে ৮ হাজার ১৬৫ কোটি টাকা। একক মাস হিসেবে খরচ হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ, এটিও গত অর্থবছরের ৪ দশমিক ৪০ শতাংশের তুলনায় অনেক কম। এ অর্থবছরে ১ হাজার ১৯৮টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫টি বিনিয়োগ প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থেকে গত পাঁচ মাসে খরচ হয়েছে ১৫ হাজার ৬১৪ কোটি টাকা, বিদেশি ঋণ থেকে খরচ হয়েছে ১০ হাজার ৭৯৪ কোটি টাকা, মন্ত্রণালয়গুলোর নিজস্ব অর্থায়ন হয়েছে ১ হাজার ৬৩৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সবচেয়ে বেশি ৭ হাজার ২০২ কোটি টাকা অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। এরপর সর্বোচ্চ ৩ হাজার ২২৮ কোটি টাকা খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ২ হাজার ৪৯৬ কোটি টাকা খরচ করেছে বিদ্যুৎ বিভাগ। ২ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয় করেছে সড়ক ও মহাসড়ক বিভাগ। পানি সম্পদ মন্ত্রণালয় খরচ করেছে ১ হাজার ৬৫১ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খরচ করছে ৮০৭ কোটি টাকা। মাত্র ৮৬ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আর ২৯৩ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

গত অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হয়েছিল মাত্র ৬৮ শতাংশ। এডিপি বাস্তবায়নের বেহাল দশা নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সবচেয়ে কম। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে।

এদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবার কাটছাঁট হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার মধ্যে সরকারের অর্থায়ন বা স্থানীয় মুদ্রা বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। আর বৈদেশিক সহায়তা প্রকল্প ঋণ বা অনুদান ধরা হয় ৭২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ধরা ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।


Loading...
Loading...
ব্যবসা বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: