ওয়েস্ট হামের বিপক্ষে ৩-০ গোলের স্পষ্ট জয় পেলেও ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ পেপ গার্দিওলা। দলের খেলায় কাঙ্ক্ষিত মান না পাওয়ায় খেলোয়াড়দের জন্য নির্ধারিত অতিরিক্ত ক্রিসমাস ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শেষে গার্দিওলা স্পষ্ট ভাষায় জানান, শিরোপা জয়ের লক্ষ্য থাকলে এমন পারফরম্যান্সে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। সেই বার্তারই অংশ হিসেবে কঠোর সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ কোচ।
আগেই পরিকল্পনা ছিল, ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে খেলোয়াড়দের টানা তিন দিনের ছুটি দেওয়া হবে। ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশ্রাম পেলেও, বড়দিনের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর আবার অনুশীলনে ফিরতে হবে দলকে।
এর আগে খেলোয়াড়রা রোববার ছুটির আবেদন করেছিলেন, যাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো যায়। তবে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের পর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন গার্দিওলা। ফলে রবিবারই সিটি ফুটবল একাডেমিতে রিপোর্ট করতে হয় খেলোয়াড়দের, এরপর শুরু হয় সংক্ষিপ্ত ছুটি।
আরও পড়ুন
এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘খেলোয়াড়রা রোববার ছুটি চেয়েছিল কিন্তু আমি রাজি হইনি। কারণ আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। যারা খেলেনি, তাদের রিকভারি ও ট্রেনিং দরকার।’
তিনি আরও জানান, তিন দিনের ছুটির পর নটিংহ্যাম ফরেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য হাতে থাকবে মাত্র দুই দিন, তাই সময় ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ।
গার্দিওলার ভাষায়, ‘ইংল্যান্ডে এসে আমি শিখেছি, সুযোগ থাকলে খেলোয়াড়দের ছুটি দেওয়া উচিত। পরিবার নিয়ে সময় কাটানো এবং ফুটবল থেকে সাময়িক বিরতি নেওয়াও প্রয়োজন। কিন্তু সূচি যখন চাপের, তখন ভারসাম্য রাখতে হয়।’
শেষে তিনি বলেন, ‘ঠিক সময়ে মাঠে ফিরলে খেলোয়াড়রা সতেজ থাকে। রিকভারি খুবই গুরুত্বপূর্ণ। ওরা পরিবার নিয়ে সময় কাটাবে, ফুটবল কিছুটা ভুলে থাকবে- আর আমি আগের মতোই দলের জন্য কাজ করে যাব।’
এএডি/