দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানের প্রতি শুভকামনা জানান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সোহেল তাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি জাতীয় দৈনিকের ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আরও পড়ুন
ফ্লাইটটি ঢাকায় আসার আগে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দেয়। এরও আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার রাত ১২টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি।
এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য ও সিনিয়র নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন।
ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে রওনা দেন। সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
এএডি/