কনকনে শীতে সারা দেশে জনজীবন অস্বস্তিতে। দেশের উত্তরাঞ্চলে এর প্রভাব তীব্রভাবে লক্ষ করা যাচ্ছে। প্রতিদিন কমছে তাপমাত্রা। সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে। তবে এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঠাণ্ডা অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠাণ্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সামরিকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল বৃহ্স্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
সময়ের আলো/এনএ