বিপিএল শুরুর আগমুহূর্তে নিজেদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, এমন কিছু করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান রংপুর রাইডার্সের অধিনায়ক।
আরও পড়ুন
সোহান বলেছেন, দেখেন একজন খেলোয়াড় হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তিত নই। যেটা বললাম যে মাঠের টুর্নামেন্টটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে একই সঙ্গে আমার কাছে মনে হয় যে দলগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিৎ। কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।
পরে নিজ দল রংপুরের পেশাদারিত্ব নিয়ে সোহান বলেন, আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা আমার কাছে মনে হয় অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে আমি আশা করব যে এরকম ধরনের ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।
সময়ের আলো/এআর