দেশজুড়ে শীতের দাপট বেড়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছে না, তাই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি।
আবহাওয়া অধিদফতর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন।
সংস্থাটি আরও বলছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
রাজধানীর বাইরেও জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলাতেও যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে।
শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ।
রোববার (২৮ ডিসেম্বর) আবওহাওয়ার পূর্বাভাসে আবওহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে রোববার অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেছেন, দুই এক দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
সময়ের আলো/জেডআই