বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও।
জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি শোক জানিয়েছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও শোকাহত বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি দলও।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লেখেন, ‘মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও শোক জানিয়ে পোস্ট করেছেন, ‘তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
এদিকে সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা শোক জানিয়ে এক পোস্টে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
সিলেট টাইটানসের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে করা পোস্টে লেখা হয়, ‘সিলেট টাইটানস পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আজ আমরা আমাদের দেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্বকে হারানোর শোক প্রকাশ করছি—একজন নেতা, যার সাহস এবং নিবেদন লাখ লাখ মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তার অটল প্রতিশ্রুতি চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’
রাজশাহী ওয়ারিয়র্সের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘একজন নেতা, যিনি সবচেয়ে ভয়ংকর ঝড়ের মুখেও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন; তার সহিষ্ণুতা এবং কর্তব্য কখনো ভুলে যাওয়ার নয়। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। চিরশান্তিতে বিশ্রাম করুন।’
সময়ের আলো/এআর