বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। এদিকে বেগম জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট-জনেরা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়-দরুদ পড়ছেন পরিবারের সদস্যরা ও বিশিষ্ট-জনেরা। ছবি : সংগৃহীত
জানাজার আগে তারেক রহমান বলেন, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান।
তিনি বলেন, সে ক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।
পুরুষদের জানাজায় অংশ নেওয়ার দৃশ্য স্ক্রিনে দেখছেন পরিবারের সদস্যরা ও বিশিষ্ট-জনেরা। ছবি : সংগৃহীত
জানাজায় অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।
সময়ের আলো/এসকে/