দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম ডিসেম্বর মাসের তুলনায় লিটারে ২ টাকা কমানো হয়েছে। আজ থেকে কার্যকর হবে নতুন নির্ধারিত দাম।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দাম অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১৪ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও নির্ধারণ করে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।
/ইউএমএইচ