শ্রম ভবনে প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী । ছবি : সংগৃহীত তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের পর শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধ না করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনার পর নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার এ বোর্ড গঠন করা হবে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও মজুরি বোর্ড গঠনের দাবিতে সম্মতি জানিয়েছেন। ফলে এ বিষয়ে আর বিরোধ থাকার কথা নয়।’
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা কারখানার মালিকদের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
তিনি বলেন, ‘নতুন মজুরি বোর্ড গঠন এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় কারখানায় ভাঙচুর কিংবা উৎপাদন বন্ধ রাখার প্রয়োজন নেই। এ ধরনের কর্মকাণ্ডে দেশের তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
শ্রমিক আন্দোলনের বিষয়ে মন্ত্রী অভিযোগ করে জানান, বিভিন্ন কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করলেও বাইরে থেকে কিছু ব্যক্তি এসে তাদের উসকানি দিচ্ছেন। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিকদের বেতন পরিশোধের সময়সীমা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হবে এবং নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। এতে মালিকপক্ষ অর্থপ্রাপ্তিতে সমস্যায় পড়বে, যার প্রভাব শ্রমিকদের বেতন পরিশোধের ওপরও পড়তে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। তাই শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার পাশাপাশি মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিমসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে