আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচনের জন্য আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকা এবং কোন ধরনের ছুটির আবেদন না করার জন্য বলা হলো। এছাড়া এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি না রাখার জন্য অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকও বিভাগের চেয়ারম্যান ও দফতর প্রধানগণকে বিষয়টি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সময়ের আলো/জেডআই