প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীতরাষ্ট্রপতির আগমন উপলক্ষে সৌন্দর্যবর্ধনের কাজ করতে গিয়ে ঢাকা কলেজের দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি। শুক্রবার (৬ নভেম্বর) কলেজের কয়েকটি দেয়ালে সাদা রং করে গ্রাফিতিগুলো ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ।
সরেজমিনে দেখা যায়, কলেজের নায়েমের গলিসংলগ্ন প্রাচীর ও মিরপুর রোডের সামনের দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি আঁকার নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, রাষ্ট্রপতি আসবেন, এটি ভালো ব্যাপার। কিন্তু পরিচ্ছন্নতার অজুহাতে দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা যায় না। জুলাইয়ের স্মৃতি, সংগ্রাম ও আকাঙ্ক্ষা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।
অন্যদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার উদ্দেশ্যে রং করা হচ্ছে না। চাইলে বিভিন্ন সংগঠন আবারও গ্রাফিতি আঁকতে পারে।
অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, তিনি বিষয়টি আগে জানতেন না। জানলে গ্রাফিতি মুছে ফেলতে নিষেধ করতেন। তিনি বলেন, গ্রাফিতির ব্যাপারে আমাদের কোনো রকম নেতিবাচক কোনো নির্দেশনা নাই।
এদিকে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, যেসব গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, সেগুলোর ছবি সংরক্ষণ করা হয়েছে। সেগুলো অনুসরণ করে পুনরায় আঁকা হবে।
গ্রাফিতি পুনরুদ্ধারসহ চার দফা দাবিতে প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা।
উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।
সময়ের আলো/এমকে