প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবিস্বামী কিংবা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থল বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এ বিষয়ে কার্যকর নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সমিতির পক্ষ থেকে এ আবেদন করা হয়।
আবেদনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা কিংবা কর্মস্থল থেকে দূরে চাকরি করছেন। ফলে দাম্পত্য জীবনে একসঙ্গে বসবাস, সন্তানদের লালন-পালন, বয়স্ক বাবা-মায়ের দেখাশোনাসহ পারিবারিক দায়িত্ব পালনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
দীর্ঘদিন ধরে এ পরিস্থিতির কারণে শিক্ষকদের পারিবারিক জীবন ও মানসিক স্বস্তি বিঘ্নিত হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনায় প্রচলিত বদলি নীতিমালা ও সরকারি আদেশের আলোকে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা কিংবা কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে বদলির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আবেদনে আরও বলা হয়, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্য পদ, শিক্ষক চাহিদা ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে শিক্ষকদের পারিবারিক সমস্যা কমার পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সংগঠনটির দাবি, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত রয়েছেন। তাঁদের পারিবারিক ও মানবিক সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বদলির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিবাচক উদ্যোগ শিক্ষকদের পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
সময়ের আলো/কেএইচও