নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। বাংলা গানের আকাশে যার কণ্ঠ বহু বছর ধরে আলাদা এক আবহ তৈরি করে রেখেছে, সময়ের সঙ্গে সঙ্গে যার গান আরও পরিণত, আরও সংযত-এই বিশেষ দিনে তার ভাবনা, অনুভব আর শিল্পীসত্তার দিকে ফিরে তাকানোই যেন স্বাভাবিক।
ফাহমিদা নবী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি সময়কে অনুভব করতে জানা এক সংবেদনশীল মানুষ। করোনা মহামারির অভিঘাত তাকে নতুন করে জীবন নিয়ে ভাবতে শিখিয়েছে। তার ভাষায়, প্রতিদিন একটু একটু করে তিনি জীবনকে বুঝছেন। বেঁচে থাকাটাই যেন এক ধরনের যুদ্ধ। এই উপলব্ধি জন্মদিনকেও করেছে অন্যরকম-নীরব, গভীর আর ভাবনামুখর।
সময়ের সঙ্গে সঙ্গে তার ভেতরের মানুষটিও বদলেছে। আগে মানুষের কথায় রাগ হলে হয়তো তা প্রকাশ পেত, এখন তিনি অনেক বেশি ধীর, অনেক বেশি সহনশীল। মানুষ যেমনই হোক, তার কাছে কর্মই মুখ্য। খারাপ ব্যবহার পেলেও ভালো কথা বলার চেষ্টাই তার পথ। জীবনের এই দর্শনকে তিনি এক বাক্যে ধরেছেন- পথে হাঁটলে একটা কিছু মিলবেই। এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের আশা, ধৈর্য আর ইতিবাচকতার দর্শন।
গানের জগতে ফাহমিদা নবীর অবদান বহুমাত্রিক। এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ সিনেমার ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটিতে কণ্ঠ দিয়ে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একের পর এক জনপ্রিয় অ্যালবাম- এক মুঠো গান, দুপুরে একলা পাখি, তুমি কি সেই তুমি, মনে কি পড়ে না, চারটা দেয়াল হঠাৎ খেয়াল, তবু বৃষ্টি চাই, ইচ্ছে হয়, নজরুলগীতি অ্যালবাম আমারে ছুঁয়েছিলে, তুমি অভিমানে-সব মিলিয়ে তাঁর গানের ভাণ্ডার সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।
নতুন প্রজন্মের জন্য তার ভাবনা স্পষ্ট। এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো গান রেখে যাওয়া। কে কী বলল, কে কী ভাবল-এসব নিয়ে তিনি আর ভাবতে চান না। সামনে পুরনো ও নতুনের মেলবন্ধনে ক্ল্যাসিকাল ও সেমি-ক্ল্যাসিকাল ধারার গান তৈরির ইচ্ছা তার। এই পরিকল্পনার মধ্যেও রয়েছে তার শিল্পীসত্তার দায়বদ্ধতা।
নিজের গাওয়া প্রিয় গানগুলোর তালিকায় তিনি রাখেন- তুমি কি সেই তুমি, ভুলে যাও, ভালোবাসার কোনো মানে নেই, স্বপ্নছোঁয়া, মাঝে মাঝে তোমায় আমি দুঃখ কী দেই খুব, আকাশ সমুদ্র ওপার, লুকোচুরি লুকোচুরি গল্প, একটু যদি তাকাও তুমি, ভুল করে ভালোবেসেছি-যেগুলো তার গায়কিজীবনের বিভিন্ন সময় ও অনুভূতির প্রতিনিধিত্ব করে।
দিনটি তার জন্য কাটবে বেশ কর্মব্যস্ততায়। সকালে অংশ নেবেন এনটিভির একটি অনুষ্ঠানে, দুপুরে যাবেন চ্যানেল আইয়ে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনে কেক কাটার পর যোগ দেবেন আরও একটি গানের অনুষ্ঠানে।
সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন নতুন গান ‘ভালো আছি’। ফাহমিদা নবীর ভাষায়, এটি একেবারেই কাজের মধ্যে ডুবে থাকা একটি দিন। তিনি বলেন, সাধারণত জন্মদিনে তিনি বাসায় থাকতে পছন্দ করেন, তবে এবার তিনটি টেলিভিশন চ্যানেল বিশেষভাবে অনুরোধ করায় না বলতে পারেননি। ‘ভালো আছি’ গানটির কথা লিখেছেন ইলা মজিদ, সুর করেছেন তিনি নিজেই। তার বিশ্বাস, মিষ্টি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।
ফাহমিদা নবীর জন্মদিন তাই শুধু উৎসব নয়, এক ধরনের আত্মঅনুসন্ধানও। গান, জীবন আর মানুষের প্রতি বিশ্বাস-এই তিনের সমন্বয়েই তিনি পথ চলছেন। আর সেই পথচলার বিশ্বাসী উচ্চারণ আজও একই-পথে হাঁটলে, কিছু না কিছু মিলবেই।
/ইউএমএইচ