সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
সিয়াম-উল-হক বলেন, ‘বৃহস্পতিবার Pirates of Sundarban নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।’
তিনি বলেন, ‘খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জনকে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ কর্তৃক আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’
সময়ের আলো/কেএইচও