সিরিয়ার হোমস প্রদেশের ঐতিহাসিক শহর পালমিরার উত্তরে একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
গতকাল শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম ইউরো নিউজের প্রতিবেদন এ খবর জানা গেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই স্থাপনা আইসিস (ইসলামিক স্টেট) জঙ্গিরা অস্ত্র ও বিস্ফোরক সঞ্চয় করার জন্য ব্যবহার করছে।
তবে ওই এলাকায় কোনো জনবসতি নেই বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। হামলায় ভয়েজার রিফুয়েলিং ট্যাংকারের সহায়তা 'টাইফুন এফজিআরফোর' ফাইটার জেট ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে লক্ষ্যে সফলভাবে আঘাত করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার বিস্তারিত মূল্যায়ন এখনো চলছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও জানিয়েছে, এই অভিযান আইসিসি ও তার সহিংস মতবাদের পুনরুত্থান রোধে ব্রিটেনের নেতৃত্ব ও মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়ানোর বাস্তবিক প্রতিফলন।
তবে, সিরিয়ার সরকার এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়া গত বছরই আইসিসবিরোধী জোটে যোগ দিয়েছে। ব্রিটেন ও ফ্রান্সও মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ। যা দশ বছরেরও বেশি সময় ধরে আইসিসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
ইসলামিক স্টেট ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়েছে। তবে তাদের 'স্লিপার সেল' এখনও সিরিয়া ও ইরাকে মারাত্মক হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্যানুযায়ী, আইসিস এখনও সিরিয়া ও ইরাকের পাঁচ থেকে সাত হাজার সদস্য নিয়ন্ত্রণে রেখেছে।
সময়ের আলো/ এসকে/