বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে তৈরি পোশাক শিল্প কেবল একটি খাত নয়; এটি একটি দেশ ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প। সত্তরের দশকের শেষভাগে যাত্রা শুরু করা এই শিল্প আজ দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ জোগান দেয় এবং প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যার ৬০ শতাংশই নারী। গ্রামীণ দারিদ্র্য হ্রাস, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাতের অবদান অনস্বীকার্য। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এলডিসি উত্তরণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে উঠেছে— শিল্পটি আর কেবল সস্তা শ্রমের ওপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। প্রতিযোগিতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই পোশাক শিল্পকে নতুন পথে এগোতে হবে।
এলডিসি উত্তরণ : প্রতিযোগিতার চ্যালেঞ্জ : ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে। ইউরোপ ও কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা হারালে রফতানিতে অতিরিক্ত ৮-১২ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। একই সময়ে ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শূন্য শুল্ক ও কম লিড টাইমের সুবিধা পাচ্ছে। ভারত ও ইথিওপিয়াও লজিস্টিকস ও কাঁচামালে শক্ত অবস্থান তৈরি করছে। এই বাস্তবতায় সস্তা শ্রম নয়, দক্ষতা, উৎপাদন ব্যবস্থাপনা ও লজিস্টিকস দক্ষতাই হবে টিকে থাকার মূল চাবিকাঠি। কাস্টমস প্রক্রিয়া ডিজিটাল করা এবং রেল ও সমুদ্রপথের কার্যকর ব্যবহার সময় ও ব্যয় কমাতে সহায়ক হতে পারে।
কাঁচামাল নির্ভরতা ও ব্যাকওয়ার্ড লিংকেজ : বাংলাদেশের পোশাক শিল্প এখনও উচ্চমাত্রায় আমদানিনির্ভর, বিশেষত মানসম্মত সুতা ও বিশেষায়িত কাপড়ে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটলেই উৎপাদন ব্যয় বাড়ে এবং ডেলিভারি সময় দীর্ঘ হয়। কোভিড-পরবর্তী সময় ও সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা এই দুর্বলতা স্পষ্ট করেছে। শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ছাড়া বাংলাদেশ কেবল সংযোজনকেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে। স্থানীয় টেক্সটাইল ও স্পিনিং শিল্পে প্রযুক্তিনির্ভর বিনিয়োগ এবং নীতিগত সহায়তা বাড়ানোই হবে এই নির্ভরতা কমানোর প্রধান উপায়।
চতুর্থ শিল্প বিপ্লব : টিকে থাকার প্রযুক্তি : চতুর্থ শিল্প বিপ্লব পোশাক শিল্পে অটোমেটেড কাটিং, ডিজিটাল প্যাটার্ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রযুক্তির এই প্রসার নিম্ন-দক্ষ শ্রমিকদের কর্মসংস্থান ঝুঁকির মুখে ফেললেও উৎপাদন খরচ ও অপচয় কমানোর বড় সুযোগ তৈরি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিকদের ভয় নয়, বরং দক্ষ মেশিন অপারেটর ও টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি নিতে হবে। প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সমন্বয়ই হবে ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকার মূল কৌশল।
টেকসই উন্নয়ন ও সবুজ বিপ্লবের অপরিহার্যতা : বর্তমানে বিশ্ববাজারে ‘সাসটেইনেবিলিটি’ বা পরিবেশবান্ধব উৎপাদন বাণিজ্যের প্রধান শর্ত। বাংলাদেশ বর্তমানে সবুজ কারখানার নেতৃত্বে রয়েছে; বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন ফ্যাক্টরির অর্ধেকের বেশি এখন এ দেশে, যার মধ্যে ৭৬টি প্লাটিনাম রেটিং প্রাপ্ত। এই সাফল্য বজায় রাখতে ছোট ও মাঝারি উদ্যোক্তাদেরও এই ধারায় যুক্ত করতে হবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিমালার প্রেক্ষিতে ‘সার্কুলার ফ্যাশন’ বা ঝুট রিসাইক্লিংয়ে জোর দেওয়া জরুরি, যা কাঁচামাল আমদানি কমিয়ে পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করবে।
জলবায়ু পরিবর্তন ও শিল্পের টেকসই অস্তিত্ব : জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বন্যা, তাপপ্রবাহ ও জ্বালানি সংকট বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। বর্তমান বিশ্ববাজারে টিকে থাকতে কম কার্বন নিঃসরণ ও পানি সাশ্রয়ী পরিবেশবান্ধব উৎপাদন এখন আর কেবল ব্র্যান্ডিং নয়, বরং অপরিহার্য কৌশল। তাই গ্রিন ফ্যাক্টরি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু অভিযোজন মাথায় রেখে দীর্ঘমেয়াদি শিল্প নীতি ও বিনিয়োগ পরিকল্পনা না করলে এই শিল্প ভবিষ্যতে বড় সংকটে পড়তে পারে।
পণ্যের বৈচিত্র্য : কটন থেকে কৃত্রিম : বাংলাদেশের পোশাক রফতানি এখনও মূলত কটন বা তুলাজাতীয় পোশাকের ওপর নির্ভরশীল। কিন্তু বিশ্ববাজারে এমএমএফ বা কৃত্রিম তন্তুর চাহিদা মোট পোশাকের প্রায় ৭০ শতাংশ। প্রতি ইউনিট ভ্যালু বাড়াতে আমাদের হাই অ্যান্ড ফ্যাশন যেমন লঞ্জেরি, টেকনিক্যাল টেক্সটাইল এবং আউটডোর স্পোর্টসওয়্যারে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। উদ্যোক্তাদের এখন সাধারণ পোশাক থেকে বের হয়ে উচ্চ প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদনে নজর দিতে হবে। নিজস্ব ফ্যাশন ডিজাইন ও আর অ্যান্ড ডি-তে বিনিয়োগ না করলে আমরা কেবল ‘দর্জি জাতি’ হিসেবেই থেকে যাব; বিশ্ববাজারে বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হবে না।
শ্রমিক কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার : পোশাক শিল্পের প্রাণ শ্রমিকদের জীবনযাত্রার মান ও মজুরির ভারসাম্য রক্ষা করা বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিক অসন্তোষ কেবল উৎপাদন নয়, বৈশ্বিক বাজারে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই টেকসই প্রবৃদ্ধির জন্য ট্রেড ইউনিয়নের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক কমপ্লায়েন্স নিশ্চিত করা অপরিহার্য। রানা প্লাজা পরবর্তী সংস্কারের ধারাবাহিকতায় এখন শ্রমিকের মৌলিক অধিকার ও জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। মূলত সুখী ও নিরাপদ শ্রমিকরাই দীর্ঘমেয়াদে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির প্রধান গ্যারান্টি।
মেড ইন বাংলাদেশ থেকে ব্র্যান্ড বাংলাদেশ : দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিজস্ব বৈশ্বিক ব্র্যান্ড তৈরির সময় এসেছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটিকে কেবল সস্তা শ্রমের নয়, বরং গুণগত মান ও নৈতিক উৎপাদনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য বিজিএমইএ ও বিকেএমইএকে বৈশ্বিক ফ্যাশন প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের সক্ষমতা আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি আধুনিক বিপণন কৌশল হিসেবে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর মডেল গ্রহণ করে বৈশ্বিক বাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু বাড়ানো এখন সময়ের দাবি।
নীতি সহায়তা ও রাজনৈতিক স্থিতিশীলতা : পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা কমিয়ে রেল কার্গো ও গভীর সমুদ্রবন্দরের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। লজিস্টিকস ব্যয় ১০ শতাংশ কমাতে পারলে বৈশ্বিক সক্ষমতা ও মুনাফা বহুগুণ বৃদ্ধি পাবে। এ ছাড়া ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের প্রসারে শুল্ক জটিলতা নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের এলসি সমস্যার সমাধানই হবে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের মূল চাবিকাঠি। বাংলাদেশের পোশাক শিল্প এখন একটি চ্যালেঞ্জিং পর্যায়ে রয়েছে; যেখানে সস্তা শ্রমের যুগ পেরিয়ে মেধা, প্রযুক্তি ও নৈতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এই রূপান্তর কেবল একক কোনো গোষ্ঠীর নয়, বরং সরকার, মালিক ও শ্রমিকদের সম্মিলিত দায়বদ্ধতা। সঠিক পরিকল্পনা ও সাহসের সঙ্গে এগোলে এই শিল্প বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের নজির স্থাপন করে সমৃদ্ধ বাংলাদেশের প্রধান কারিগর হয়ে উঠবে।
লেখক : প্রভাষক, অর্থনীতি বিভাগ, জয়পুরা এসআরএমএস স্কুল অ্যান্ড কলেজ, রামগঞ্জ।
এফআর