সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ছে। মাঘ মাস শুরুর আগেই পৌষের শেষ ভাগে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, চলমান শৈত্যপ্রবাহ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে। এর সঙ্গে নতুন কিছু জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা শৈত্যপ্রবাহের আওতা থেকে বেরিয়ে যেতে পারে। তবে সামগ্রিকভাবে এটি এক সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা বর্তমানে শৈত্যপ্রবাহের কবলে রয়েছে। পাশাপাশি গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া- এই আট জেলাতেও শৈত্যপ্রবাহ বইছে। ফলে মোট ২৪টি জেলায় শীতের তীব্রতা বিরাজ করছে। যদিও আগের দিন দেশের ৪৪টি জেলা শৈত্যপ্রবাহের আওতায় ছিল।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এএডি/