গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ফাঁকা গুলি করে মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহানগরীর ১৭ নং ওয়ার্ডের যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনসিপি নেতার নাম হাবিব চৌধুরী। তিনি দলটির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। তিনি ওই গ্রামের ফটিক চানের ছেলে। তবে বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতা হাবিব চৌধুরী তার নিজের ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রি করা জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রদান করেন। সে সূত্রে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে বৃহস্পতিবার সকালে মোগড়খাল এলাকায় মোটরসাইকেলটি দেখতে আসে। এসময় প্রায় ঘণ্টাব্যাপী তারা নানাভাবে মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে একজন হাবিব চৌধুরীর কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছুড়ে।
পরে তারা মোটরসাইকেল চালিয়ে নিয়ে যেতে থাকে। হাবিব মোটরসাইকেলের পিছনে দৌড় দিলে ফের তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। তবে গুলিটি তার শরীরে লাগেনি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের দলটির প্রার্থী আলী নাছের খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ট্র্যাপ সাজিয়ে জুলাই আন্দোলনকারী জুলাই যোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহিদ হতেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা কেউই নিরাপদ নয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
এএডি/এফআর