এবার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ অ্যাখ্যা বিসিবির শীর্ষ কর্তার

সময়ের আলো ডেস্ক

খেলা

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ফেসবুক

2026-01-09T12:26:25+00:00
2026-01-09T12:26:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এবার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ অ্যাখ্যা বিসিবির শীর্ষ কর্তার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম 
সাবেক অধিনায়ক তামিম ইকবাল (বামে) এবং বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ফেসবুক পোস্ট। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে করা বিসিবির এক পরিচালকের মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা এখন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান যখন দেশ-বিদেশে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে, ঠিক সেই সময় সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে লক্ষ্য করে কড়া ভাষায় মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন, যা মুহূর্তেই ক্রিকেটাঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে দেওয়া তামিম ইকবালের একটি বক্তব্যের ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ পোস্টটি দীর্ঘ সময় অনলাইনে থাকলেও ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে তা মুছে ফেলেন তিনি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, এই দুটি বিষয়কে কেন্দ্র করে গেল কয়েক দিন ধরেই দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন তামিম ইকবাল।

সেখানে তাকে প্রশ্ন করা হয়, তিনি যদি বোর্ডে থাকতেন, তাহলে কী সিদ্ধান্ত নিতেন। জবাবে তামিম বলেন, আবেগের পরিবর্তে দীর্ঘমেয়াদি বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়াকে দুঃখজনক বললেও তিনি উল্লেখ করেন, অনেক সময় আলোচনার মাধ্যমেই বড় সমস্যার সমাধান সম্ভব।

তামিম আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি স্বাধীন সংস্থা হিসেবেই দেখা উচিত। সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। আজ নেওয়া কোনো সিদ্ধান্ত আগামী এক দশকে কী প্রভাব ফেলতে পারে, সেটিও ভাবা জরুরি, এমন মন্তব্যও করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের আর্থিক বাস্তবতার কথাও তুলে ধরেন সাবেক অধিনায়ক। তার মতে, আইসিসি থেকে আসা আয়ের ওপর দেশের ক্রিকেট অনেকটাই নির্ভরশীল। তাই সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্ত ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য সবচেয়ে ভালো, সেটিই নেওয়া উচিত।

এই বক্তব্যসম্বলিত ফটোকার্ড শেয়ার করেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।

উল্লেখ্য, গেল অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন নাজমুল ইসলাম। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ওই নির্বাচন ঘিরেও তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়। নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই অভিযোগে আরও ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান, আর ভোটের আগেই কয়েকজন পরিচালকের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার অভিযোগও ওঠে।

/এমএইচআর 


  বিষয়:   তামিম ইকবাল  ভারত  দালাল  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: