ঝিনাইদহের মহেশপুরের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। সেই থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি তিনি। এরপর থেকে ভাত পরিহার করে কলা রুটি, চিঁড়া খাবার হিসেবে গ্রহণ করতেন নিজাম।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন।
এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হন নিজাম উদ্দিন। সেই থেকে প্রতিজ্ঞা করেন- যত দিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, তত দিন তিনি ভাত মুখে তুলবেন না।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
পরিবার জানায়, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন।
পরে তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে নিজাম মৃত্যুবরণ করেন।
তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। অতিসাধারণ গ্রামের মানুষ হলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে নিজাম উদ্দিন দেশজুড়ে পরিচিতি লাভ করেন।
/এমএইচআর