কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে নুরুল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন উপজেলার চরপাড়া এলাকার মির আহমদের ছেলে। বর্তমানে তিনি উপজেলার জুম্মাপাড়ায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করছিল। শুক্রবার ভোরের অন্ধকারে শ্রমিকরা পাহাড় কাটার সময় হঠাৎ মাটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে মাটিচাপা পড়েন শ্রমিক নুরুল আমিন। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল আমিনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিল না। এতে পরিবেশ ও পাহাড় ধসের পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই অবৈধ কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন তিনি।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এআর/এফআর