নোয়াখালীর হাতিয়ায় ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তবে দুর্ঘটনার আশঙ্কায় ওই স্থানটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন এলাকার একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পান ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। গত বৃহস্পতিবার বিকেলে ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীর মাটি পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে প্রকৌশলী ও শ্রমিকরা চলে যান। এরপর গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থান থেকে গ্যাস বের হতে শুরু করে। তখন স্থানীয়রা সেই স্থানে আগুন দিলে গ্যাস জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ‘আসলে এটা কীভাবে হচ্ছে, এটি সত্যিকারের গ্যাস কি না আমরা বুঝি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। লোকজন আগুন ধরিয়ে দেখায়।’
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক বলেন, ‘গ্যাস বের হওয়ার পর তা বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) জানানো হবে।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এখনো ঘটনাস্থল পরিদর্শন করিনি।’
সময়ের আলআ/এএ/এনএ