গ্রাফিক : সময়ের আলো আধুনিক জীবনযাত্রায় গ্যাসের গুরুত্ব অপরিসীম। রান্না থেকে শিল্প-কারখানায় কিছুতেই গ্যাসের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। গত কয়েক মাস ধরেই শিল্প-কারখানায় গ্যাস সংকট চলছে। শিল্পে চাহিদার অর্ধেকও গ্যাস মিলছে না। গ্যাসের অভাবে অনেক কারখানা দিনের অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে। শিল্পমালিকরা বলছে, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো রফতানি করা যাচ্ছে না তৈরি পোশাক। এতে ক্রেতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকটের কারণে দৈনন্দিন জীবনযাত্রা ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে।
দৈনিক সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়- গ্যাস সংকটের মূল কারণ হলো পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়া ও কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হওয়া। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় স্বল্পচাপ বা সম্পূর্ণ গ্যাসের অভাব দেখা যাচ্ছে। এ জন্য রান্না করতে গিয়ে অনেক পরিবারকেই বাধ্য হয়ে বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। কেউ কেউ ইলেকট্রিক চুলায় নির্ভর করছে, আবার কেউ কেউ বাইরে থেকে খাবার কিনে জীবন চালাচ্ছে। বিশেষ করে গোপীবাগ, শ্যামপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার মানুষ এই ভোগান্তিতে পড়েছে।
অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমান বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে আড়াই হাজার টাকায়, যা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি। এই অপ্রতুলতা ও দাম বৃদ্ধি সাধারণ পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, তুরাগ নদের নিচে একটি প্রধান পাইপলাইনে ক্ষতি ও শেরেবাংলা নগর এলাকায় ভাল্ব ফেটে যাওয়াকে।
প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, অতীতের তুলনায় গ্যাসের সরবরাহ কমেছে। তবে এই তথ্যের সঙ্গে একমত নন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলছেন, গ্যাসের সরবরাহ বেড়েছে। তবে বাস্তবে দেখা যায়, গ্যাসের স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। তাই অনেক পরিবারকে রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে গভীর রাত বা ভোরের জন্য, যা জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এই সংকটের কারণ মূলত পাইপলাইনের ক্ষতি ও ভাল^জনিত সমস্যা। তবে, দেশের গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানির জন্য ঋণ সুবিধা দিয়েছে, যাতে আমদানিকারকরা সহজে সরবরাহ চালিয়ে যেতে পারে। গ্যাসের এই সংকটের পাশাপাশি এলপিজির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। ভোগান্তি কমাতে সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমদানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে এলপিজি সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
এই গ্যাস সংকটের মূল কারণ হলো- অবকাঠামোগত ক্ষতি ও আসন্ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রাখা। এর সমাধানে দ্রুত অবকাঠামো মেরামত, নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা চালু এবং বিকল্প জ্বালানি ব্যবহারে মনোযোগ দিতে হবে। সাধারণ মানুষ ও ব্যবসায়ী সবার জন্য এই পরিস্থিতি থেকে মুক্তি প্রয়োজন। তা না হলে জীবনযাত্রার মান আরও কমে যাবে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। রাজধানীতে প্রায় প্রতি বছরই শীতকালে গ্যাসের সংকট দেখা দেয়। মূলত গ্যাসলাইনের পাইপে বরফ জমে যাওয়ায় গ্যাস সরবরাহের গতি কমে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন। কেননা এবারের সংকটের অন্যতম কারণ কারিগরি ত্রুটি। এমতাবস্থায় এ ধরনের সংকট কোনোভাবেই কাম্য নয়।
রাজধানীর গ্যাস সংকটের ব্যাপারে ইতিপূর্বে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টরা আশার বাণী শুনিয়েছে। তারা গ্যাস আমদানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়িয়ে এ সংকট সমাধানের উদ্যোগ নিয়েছে। আমরা আশা করি, অচিরেই তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ দূর হবে।
সময়ের আলো/এনএ