কাইফি আজমির জন্মদিন আজ

সময়ের আলো ডেস্ক

কাইফি আজমি উপমহাদেশের প্রথিতযশা উর্দুুভাষী কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার কবিতা সমাজ সচেতনতায় ঋদ্ধ। কাইফি আজমি ভারতের উত্তর

2026-01-14T06:20:25+00:00
2026-01-14T06:20:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
কাইফি আজমির জন্মদিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:২০ এএম 
কাইফি আজমি। সংগৃহীত ছবি
কাইফি আজমি উপমহাদেশের প্রথিতযশা উর্দুুভাষী কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার কবিতা সমাজ সচেতনতায় ঋদ্ধ। কাইফি আজমি ভারতের উত্তর প্রদেশের আজমগড়ে এক জমিদার পরিবারে ১৯১৯ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি শওকাত আজমিকে বিয়ে করেন। তার কন্যা শাবানা আজমি ভারতের বিখ্যাত অভিনেত্রী। তিনি ছাত্রজীবনে উর্দু ও ফার্সি সাহিত্যে লেখাপড়া করেন। কিন্তু ১৯৪২ সালে ভারতছাড় আন্দোলনের সময় লেখাপড়া ছেড়ে দেন। 

১৯৪৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। এরপর পার্টির আদেশে মুম্বাই গমন করেন। এ সময় তিনি আলি সরদার জাফরি সম্পাদিত দলীয় পত্রিকা কাওমি জংয়ে যোগ দেন। অন্য উর্দু কবিদের মতোই কাইফি আজমি গজল দিয়ে কাব্যচর্চা শুরু করেন। ধীরে ধীরে সামাজিক সচেতনতামূলক কাব্য রচনা করতে থাকেন। তার গ্রন্থের মধ্যে আখির-ই-সাব, শারমায়া, আওয়ারা সাজদে, কৈফিয়াত, নঈ গুলিস্তাঁ প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯৫২ সালে গীতিকার হিসেবে মুম্বাই চলচ্চিত্রে কাজ আরম্ভ করেন। খাজা আহমদ আব্বাস, বিমল রায় প্রমুখ চলচ্চিত্রকার সিনেমার ধারায় নতুনত্ব আনতে চাইলেন। সাহির লুধিয়ানভি, জাঁ নিসার আখতার, মাজরুহ সুলতানপুরী ও কাইফি আজমির মতো গীতিকার হিন্দি ছবির গানের ধারায় তরতাজা পরিবর্তন আনলেন যা অনেক বছর টিকে ছিল। গান ছাড়াও সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন তিনি। 

১৯৭০ সালের ছবি ‘হির রানঝা’র পুরো সংলাপ তিনি পদ্যে রচনা করেন। এটির সাফল্য ছিল বিস্ময়কর। ইসমত চুঘতাইয়ের কাহিনি অবলম্বনে ‘গরম হাওয়া’ ছবির চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কাইফি আজমি একজন প্রথিতযশা কবি ও সিনেমা ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের নির্যাতন কাইফি আজমিকে ব্যথিত করে। তিনি কবিতার মাধ্যমে তার অনুভূতি তুলে ধরেন। 

কাইফি আজমি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদক লাভ করেন। ১৯৭৫ সালে আওয়ারা সাজদে কাব্যগ্রন্থের জন্য লাভ করেন সাহিত্য একাডেমি পুরস্কার। এর আগে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকার জন্য কাইফি আজমিকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। আজমির পক্ষে তার মেয়ে শাবানা আজমি সম্মাননা স্মারক গ্রহণ করেন। ২০০২ সালের ১০ মে তিনি মারা যান। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   কাইফি আজমি  জন্মদিন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: