নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ও কন্যার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং মেয়ে লাবীবা জোহা অঙ্গণার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। সম্পদের বিবরণী দাখিল না করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হবে।
দুদক মহাপরিচালক জানান, উভয়ের কাছেই সম্পদের বিবরণী চাওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেওয়া হয়নি। এমনকি সময় বাড়ানোর জন্যও তারা কোনো আবেদন করেননি।
দুদক সূত্র জানায়, গত ২৬ আগস্ট অয়ন ও অঙ্গণার নামে থাকা সম্পদের বিবরণী চেয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরও তারা কোনো জবাব দেননি।
দুর্নীতি দমন আইনের ২৬ ধারার ২ উপধারা অনুযায়ী, কমিশন কোনো ব্যক্তির সম্পদের বিবরণী চাইলে তা প্রদান না করলে অথবা দাখিল করা বিবরণী মিথ্যা বলে প্রতীয়মান হলে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ ওঠে শামীম ওসমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা যায়।
/ইউএমএইচ