বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। সরকারের উচিত জনগণকে ভোট দেওয়ার জন্য বলা।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে ভোট দেওয়ার জন্য বলা। ভোট বলতে, সব ব্যাপারে ভোট। কোন বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে আবার একটাকে বাইরে রাখবে, এ ধরনের কথাবার্তা ভালো না।’
তিনি বলেন, ‘আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। আমরা সব ভোটের কথা বলতে বলছি। সার্বিকভাবে জনগণকে বলতে হবে, আপনার ভোট প্রয়োগ করুন। এটাই সরকারের কাজ উৎসাহিত করা।’
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের না থাকা নিয়ে তিনি বলেন, ‘সেটাতে আমাদের মন্তব্য করার কিছু নাই। তাদের জোটের মধ্যে কী হবে, না হবে সেটার উত্তর তো তারা দিতে পারবে। এই উত্তর তো আমরা দিতে পারব না।’
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘দেশকে গড়তে হলে শিশুদের নিয়ে চিন্তা করা দরকার। আপনার সন্তান ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ যাই হোক না কেন, আগে তাকে একজন সৎ ও ভালো মানুষ হতে হবে। শিশু-কিশোরদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে বের করে আনতে বড়দের ভূমিকা রাখতে হবে।
সময়ের আলো/কেএইচও