মাঘের শুরুতে শীতের দাপট কম, কী বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাঘ মাসে শীতের দাপট দেখা যায়। এ নিয়ে প্রবাদও আছে, ‘মাঘের শীত বাঘের গায়েও লাগে’। তবে এবার দেখা যাচ্ছে উল্টো

2026-01-16T22:10:29+00:00
2026-01-16T22:14:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মাঘের শুরুতে শীতের দাপট কম, কী বলছে আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ১০:১৪ পিএম
সংগৃহীত ছবি
মাঘ মাসে শীতের দাপট দেখা যায়। এ নিয়ে প্রবাদও আছে, ‘মাঘের শীত বাঘের গায়েও লাগে’। তবে এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। মাঘের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া। হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে শীত কি তবে বিদায় নিতে শুরু করেছে?

কদিন আগেও অবশ্য প্রচণ্ড শীতে কেঁপেছে মানুষ। পৌষ মাসের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাঁদরে আচ্ছন্ন ছিল পুরো দেশ, সপ্তাহজুড়েও দেখা মেলেনি রোদের।

এ বছর জানুয়ারির শুরুতে শীতের সেই দাপট কিছুটা অনুভূত হলেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কয়েকটি জেলায় এখনও মৃদু শৈতপ্রবাহ চলমান থাকলেও বেশিরভাগ জেলার তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশ বড়।

শুক্রবার উত্তরের জনপদ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলায় মৃদু শৈতপ্রবাহ বয়ে গেলেও বাকি জেলাগুলোতে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

 
ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে শীতের দাপটে মনে হয়েছিল অন্যান্য বছরের তুলনায় এবার শীতের প্রভাব খানিকটা বেশি এবং স্থায়ী হতে পারে। আরও অন্তত তিনটি শৈত প্রবাহ আসতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।
 
যদিও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসেই পরিস্থিতি বদলে গেছে। সন্ধ্যার পর এবং শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, শৈত্যপ্রবাহ এখনও চলমান রয়েছে, তবে এর এলাকা কমেছে। কদিন আগে দেশের ৫০ থেকে ৫৪টি জেলায় একসাথে শৈত্যপ্রবাহ বয়ে গেছে কিন্তু আজকে (শুক্রবার) তিনটি জেলায় এবং আগামীকাল দেশের চারটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে।

মূলত সূর্যের তাপের কারণে দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রায় বড় ফারাক তৈরি হয়েছে বলেও জানান মিজ জেবুন্নেসা।

তিনি বলছেন, আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। যাতে শীতের দাপট আরও কমে আসবে। যদিও দেশের উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় শীতের প্রভাব থাকবে।

তিনি আরও বলেন, ঢাকায় শীত হয়তো খানিকটা কমে গেছে, ঢাকায় আরো দুইদিন এমনই হয়তো থাকবে, দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এক সপ্তাহ মোটামুটি এরকমই থাকবে।

কদিন আগে যেমন কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে সেরকম পরিস্থিতি আরও হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে এই আবাহাওয়াবিদ বলছেন, সেরকমটা হওয়ার সম্ভাবনা কম।

সময়ের আলো/এআর 


  বিষয়:   মাঘ  শীত  দাপট  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: