প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি : সংগৃহীত দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল থেকে মেট্রোরেল চলবে। এ সময় যাত্রীচাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমন্বয় করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীচাহিদার ওপর ভিত্তি করে ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
এদিকে, শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীচাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। যাত্রীচাহিদা অনুযায়ী প্রয়োজন হলে এসব ট্রেন চালু করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।
সময়ের আলো/এসএকে