বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ‘দাবি আদায়’ শব্দটির সঙ্গে আজ যেন অবধারিতভাবে জড়িয়ে গেছে ‘রাস্তা অবরোধ’। কোনো দাবি উত্থাপিত হলেই প্রথম পদপেক্ষ হিসেবে সড়কে নামা, যান চলাচল বন্ধ করা কিংবা গুরুত্বপূর্ণ মোড় দখল করে নেওয়ার চিত্র এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে এই পথ কি সত্যিই ন্যায্য দাবি আদায়ের কার্যকর উপায়, নাকি এটি জনদুর্ভোগ সৃষ্টি করে সমাজকে এক অনিশ্চিত ও অস্থিতিশীল ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে?
গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ নাগরিকের স্বীকৃত অধিকার। সংবিধান শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। কিন্তু এই অধিকার প্রয়োগের সময় অন্য নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে তা আর কেবল প্রতিবাদ থাকে না, বরং সামাজিক অবিচারে রূপ নেয়। রাস্তা অবরোধের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ যাদের অনেকেরই ওই দাবির সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। কর্মজীবী মানুষ অফিসে পৌঁছাতে পারেন না, শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যেতে ব্যর্থ হন, রোগীবাহী অ্যাম্বুলেন্স যানজটে আটকে পড়ে, নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়। এভাবে একটি গোষ্ঠীর দাবি আদায়ের চাপে পুরো সমাজ কার্যত জিম্মি হয়ে পড়ে।
এই বাস্তবতা শুধু সাময়িক দুর্ভোগেই সীমাবদ্ধ থাকে না, এর দীর্ঘমেয়াদি প্রভাব আরও গভীর। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়, উৎপাদন ও ব্যবসায় ক্ষতি হয়, রাষ্ট্রের রাজস্ব কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষয়ে যেতে থাকে। যখন মানুষ দেখে যে আলোচনার টেবিলে নয়, বরং সড়ক দখলের মাধ্যমেই দাবি আদায় সম্ভব, তখন আইন মেনে চলার প্রবণতা দুর্বল হয়ে পড়ে। এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত, যা ভবিষ্যতে আরও বিশৃঙ্খলা ও সংঘাত ডেকে আনতে পারে।
তবে এই সমস্যার দায় কেবল আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দিলে বাস্তবতার পূর্ণ চিত্র উঠে আসে না। রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকাও এখানে প্রশ্নের ঊর্ধ্বে নয়। অনেক ক্ষেত্রেই যৌক্তিক দাবি দীর্ঘদিন উপেক্ষিত থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কার্যকর পথ খোলা থাকে না, কিংবা সিদ্ধান্ত গ্রহণে অযথা বিলম্ব হয়। ফলে হতাশ মানুষ শেষ পর্যন্ত চরম পন্থা বেছে নিতে বাধ্য হন। অর্থাৎ রাস্তা অবরোধের প্রবণতা একদিকে যেমন আন্দোলনকারীদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ করে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক সংস্কৃতি। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের দুর্ভোগকে ‘চাপ সৃষ্টির কৌশল’ হিসেবে ব্যবহার করা হয়। এতে প্রকৃত দাবির নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং আন্দোলনের প্রতি জনসমর্থন কমে যায়। প্রতিবাদ যখন জনস্বার্থের পরিবর্তে ক্ষমতার রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, তখন তা গণতন্ত্রের শক্তি না হয়ে দুর্বলতায় পরিণত হয়।
তা হলে সমাধান কোথায়? প্রথমত রাষ্ট্রকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিতে হবে। দাবি উত্থাপনের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার একটি নির্দিষ্ট ও সময়বদ্ধ কাঠামো থাকতে হবে। অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা, স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনসমক্ষে তথ্য প্রকাশ করা জরুরি। মানুষ যদি বিশ্বাস করে যে তাদের কথা শোনা হচ্ছে এবং ন্যায্য দাবি যৌক্তিক সময়ের মধ্যে বিবেচিত হবে, তবে রাস্তায় নামার প্রবণতা স্বাভাবিকভাবেই কমে আসবে।
দ্বিতীয়ত আন্দোলনকারী সংগঠন ও নাগরিক সমাজকে আত্মসমালোচনার জায়গা তৈরি করতে হবে। প্রতিবাদের পদ্ধতি এমন হতে হবে, যাতে জনজীবন সম্পূর্ণ অচল না হয়। বিকল্প কর্মসূচি যেমন প্রতীকী অবস্থান, নির্দিষ্ট স্থানে সীমিত সময়ের সমাবেশ, গণস্বাক্ষর সংগ্রহ, আইনি পথ অনুসরণ কিংবা গণমাধ্যমের মাধ্যমে যুক্তিনির্ভর প্রচার এসব পদ্ধতি দাবি আদায়ের ক্ষেত্রে অধিকতর টেকসই ও গ্রহণযোগ্য হতে পারে। নৈতিক উচ্চতা বজায় রেখে আন্দোলন করলে জনসমর্থনও দীর্ঘস্থায়ী হয়।
তৃতীয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হতে হবে সংবেদনশীল কিন্তু দৃঢ়। শান্তিপূর্ণ প্রতিবাদ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি জনজীবন বিপর্যস্ত করার যেকোনো উদ্যোগ আইনের আওতায় আনাও প্রয়োজন। তবে এই প্রয়োগ হতে হবে পক্ষপাতমুক্ত ও মানবিক, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। সবশেষে গণমাধ্যমের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দাবি ও প্রতিবাদের খবর পরিবেশনের পাশাপাশি জনদুর্ভোগের চিত্র, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিশ্লেষণ এবং বিকল্প সমাধানের আলোচনা তুলে ধরতে হবে।
এতে করে জনমত একটি ভারসাম্যপূর্ণ পথে গড়ে উঠবে।
দাবি আদায় একটি গণতান্ত্রিক অধিকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই অধিকার প্রয়োগের পথ যদি জনদুর্ভোগের কারণ হয়ে ওঠে, তবে তা পুনর্বিবেচনার সময় এসেছে। রাস্তা অবরোধ হয়তো তাৎক্ষণিক চাপ সৃষ্টি করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সমাজকে বিভক্ত করে, রাষ্ট্রকে দুর্বল করে এবং নাগরিক জীবনে অনিশ্চয়তা বাড়ায়। আলোচনার টেবিল, আইনের শাসন ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই কেবল টেকসই সমাধান সম্ভব। দাবি আদায়ের পথে জনদুর্ভোগ নয়, এই উপলব্ধিই হতে পারে একটি পরিণত ও দায়িত্বশীল গণতন্ত্রের পরিচয়।