দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এটি চলতি বছরের দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি একজন মারা গিয়েছিল। আর আজ সোমবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।
গতকাল রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৫ জন। ফলে চলতি জানুয়ারি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০৯ জনে। এর আগের মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৮ হাজার ৪৬৪ জন।
সোমবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন। আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২ হাজার ৮৬১ জনে। আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল বিভাগে। এই বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন।
জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
সময়ের আলো/এসকে/