রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়, যা আজ বৃহস্পতিবারেও অব্যাহত রয়েছে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন রোগীরা। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মানববন্ধন সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ জানান, রোগীর অপারেশনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে সার্জারিরত অবস্থায় মিড লেভেলের চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনরা হামলা চালায়। এতে হাসপাতালের অপারেশনের কার্যক্রম বিঘ্নিত হওয়াসহ চিকিৎসকরা আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় আছেন।
তিনি আরও বলেন, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে কর্মবিরতি করছে। এনিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশাকরি তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবে।
/এমএইচআর