ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের প্রতিবাদকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে অনার্স ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে কলেজের হল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা স্কুলিং মডেলের বিরোধিতা করে একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না’ ও ‘তুমি কে, আমি কে-ডিসিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন
মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের সামনে পৌঁছালে অনার্সের শিক্ষার্থীরা এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক্যবিনিময় হয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে তারা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। পরে হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ঘটনার বিষয়ে ঢাকা কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী রাহুল আমিন বলেন, ‘মধ্যরাতে হঠাৎ করে উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল করা হয়। আমাদের পরীক্ষা চলছিল, আমরা পড়াশোনায় ব্যস্ত ছিলাম। এ কারণে আমরা প্রতিবাদ জানিয়েছি।’
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার খবরে আমরা আনন্দ মিছিল করছিলাম। কিন্তু অনার্সের ভাইয়েরা বাধা দেন। কেন বাধা দেওয়া হলো, তা আমাদের কাছে স্পষ্ট নয়।’
এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা রাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রসঙ্গে একটি মিছিল বের করেছিল। পরে অনার্সের শিক্ষার্থীরাও বের হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি এবং ইন্টারের শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দিই।’
এএডি/