
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে জানুয়ারি মাস তথা প্রথম পাতার একটি ছবিতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে পতিত ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ লেখা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত ক্যালেন্ডারটি ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এ ঘটনায় জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে। এ ছাড়া ক্যালেন্ডটি ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।
এতে সারা দেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে বিতরণ করা উপহার ব্যাগে আলোচিত ডেস্ক ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। পরে খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত লেখাটি অনেকের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্য আমানুল্লাহকে জানানো হয়।
উপাচার্য এ সময় সারা দেশে ছড়িয়ে পড়া ক্যালেন্ডারটি ফিরিয়ে আনার নির্দেশনা দেন। সে অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তারের দায়িত্বে সারা দেশে লোক পাঠিয়ে এসব বিতর্কিত ক্যালেন্ডার তুলে আনা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারের ঘটনায় চারজনকে সাসপেন্ড এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে।
আসন্ন ২০২৭ সালের ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশে স্থান পাওয়া ছবিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকজন মোনাজাত করছেন। সামনে একটি পুষ্পস্তবক রাখা। তাদের পেছনে মরহুমা খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানারে প্রথম লাইনে ছোট ফন্টে লেখা—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।
দ্বিতীয় লাইনে বড় ফন্টে লেখা—‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’, এবং পরবর্তী লাইনে আরেকটু ছোট ফন্টে—‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। নিচে বড় ফন্টে লেখা—জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য : বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যালেন্ডারটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো ফেরত নেওয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
সময়ের আলো/টিকে