ছাত্রদলের বিক্ষোভের মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

রাবি প্রতিনিধি

শিক্ষা

ক্রোড়পত্রে তথ্যগত ভুলের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ক্রোড়পত্র তৈরির সঙ্গে যুক্ত

2026-11-29T13:00:28+00:00
2026-11-29T13:00:28+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
ছাত্রদলের বিক্ষোভের মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ক্রোড়পত্রে তথ্যগত ভুলের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ক্রোড়পত্র তৈরির সঙ্গে যুক্ত তিন শিক্ষককে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শনিবার (২৮ নভেম্বর) রাতে জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ক্রোড়পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়ে শিক্ষক ফোরামের নেতাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি ক্রোড়পত্র প্রকাশ ও বিতরণ করা হয়। পরে ক্রোড়পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতাদের অভিযোগ, ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার করা হয়নি। এ ছাড়া ২০০৬ সালের লগি-বৈঠার আন্দোলনের তাণ্ডবকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টিও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

এসব অভিযোগে ক্রোড়পত্র তৈরির সঙ্গে যুক্ত শিক্ষকদের বহিষ্কার, শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে ক্রোড়পত্রে তথ্যগত ভুল থাকার বিষয়টি স্বীকার করে সেটি প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. সাবিরুজ্জামান সুজা। এক বিবৃতিতে তিনি এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

এরপর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে শিক্ষক ফোরামের নেতাদের অবরুদ্ধ করে কার্যালয়ে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভও করেন তারা। পরে তাদের দাবির মুখে রাত ৯টার পর জরুরি কার্যনির্বাহী কমিটির সভা বসে।

সভায় সংগঠনটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ক্রোড়পত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তিন শিক্ষককে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষক ফোরামের সভাপতির পক্ষে এসব সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সহসভাপতি ড. মো. রেজাউল করিম-২।


ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত হওয়া তিন শিক্ষক হলেন ফোরামের সদস্য ও ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক ও ফিশারিজ অনুষদের ডিন ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক ও রসায়ন বিভাগের শিক্ষক ড. আব্দুল মান্নান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। পাশাপাশি শিক্ষক ফোরামের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান কমিটি পুনর্গঠন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন, এমন শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। তত দিন পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা তার কাছে পরিষ্কার নয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিএনপির আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  রাবি  জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম  ছাত্রদল  সুলতান আহমেদ রাহী  গোলাম ছাদিক  শিক্ষক রাজনীতি  ক্রোড়পত্র  বিশ্ববিদ্যালয় রাজনীতি  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: