
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ক্যাম্পাস সাংবাদিক। আহত হয়েছেন অন্তত পাঁচ শিক্ষার্থী।
শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী ওই জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরব বর্মণের পক্ষ থেকে জুনিয়রদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এ ঘটনার জেরে দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনায় বসেন। সেখানে দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়।
এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা মারামারি হয়।
ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এ রকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’
এ বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন চিকিৎসকের পরামর্শ না নিয়েই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।
এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী মিসবাহর কাছে গিয়ে ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে মারধর করেন।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে।
সময়ের আলো/এসএকে