
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন । ছবি : সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন । ছবি : সংগৃহীতএইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, সেসব খাতা আবারও মূল্যায়ন করা হবে। এবার এক শিক্ষা বোর্ডের খাতা অন্য বোর্ডে পাঠিয়ে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্মূল্যায়নে পরীক্ষকদের ভুল বা অবহেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কেউ অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন, আবার কেউ পেয়েছেন জিপিএ-৫। ফল পরিবর্তনের বিষয়টি শুধু সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না তারা। কেন এমন পরিবর্তন হয়েছে, তা-ও খুঁজে বের করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে যেসব খাতার ফল পরিবর্তন হয়েছে, সেগুলো অন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে পুনরায় মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এতে পরীক্ষকেরা যথাযথভাবে খাতা মূল্যায়ন করেছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে।
পুনর্মূল্যায়নে পরীক্ষকদের ভুল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, যেসব পরীক্ষকের দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনা হবে।
শিক্ষার্থীদের মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও পরীক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল পাবেন না, তা গ্রহণযোগ্য হতে পারে না। আবার যথাযথ মূল্যায়ন ছাড়া কাউকে ভালো ফল দেওয়ার সুযোগও থাকা উচিত নয়। শিক্ষার্থীদের প্রাপ্য ফল নিশ্চিত করতে খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সময়ের আলো/এসকে